কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভাড়ায় আনা পেশাদার অপরাধী।
গত ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহিদুল আলম জাহাঙ্গীর ও তাঁর সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীর মারা যান। আহত হাদিস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতানের ছেলে হেলাল, মহিউদ্দিন ও জাকির। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভাড়াটে অপরাধী চক্রের সদস্য। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে এবং কারা তাদের ভাড়া করেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।।