ময়মনসিংহ সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং প্রধানমন্ত্রী ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন। এর মূল লক্ষ্য হলো প্রাথমিক স্তর থেকেই শিশুদের দক্ষ, নৈতিক ও প্রযুক্তি-সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, একটি শক্তিশালী জাতি গঠনের জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদানে মনোযোগ এবং সার্বিক কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের সঞ্চালনায় এবং উপজেলা প্রকৌশলী রাকিব উল হাসানের কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্যসচিব আতাহারুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

শিবলী সাদিক খান, ময়মনসিংহ।।