প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি: বিএমইউজে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের দর্পণ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে সক্ষম। তাই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রোববার রাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) মাসিক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ সোহেল আহমেদ।

তিনি বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই।”

সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন, “দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।”

তিনি আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোকে প্রশিক্ষণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে পেশাগত দক্ষতা ও নৈতিক মান আরও সমৃদ্ধ হয়। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় একটি কার্যকর ‘গণমাধ্যম সুরক্ষা আইন’ প্রণয়নেরও দাবি জানান তিনি।

সভায় বক্তারা এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা তুলে ধরতে পারবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন