প্রশাসনিক দক্ষতা, সততা, নিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিইও) হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। এ গৌরবময় অর্জন তার সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেছে।
বুধবার (৩ জুন) বিকেলে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভা শেষে কমিটির সভাপতি ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
মনিকা পারভীন ২০২৩ সালের ১৯ জানুয়ারি ময়মনসিংহ সদর উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি জেলার গৌরীপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। সেখানে তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
জানা গেছে, কর্মস্থলে প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলা বাছাই কমিটি তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।
পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি অর্জনের পর তাকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় সুধীজন।
স্থানীয় সচেতন মহলের বিশ্বাস, এ সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে সদর উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একজন সৎ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে মনিকা পারভীনের এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি সমগ্র ময়মনসিংহ সদর উপজেলার শিক্ষা পরিবারের জন্যও একটি বড় প্রাপ্তি। তার এই সাফল্য অন্যান্য কর্মকর্তাদেরও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করবে।
জেলায় শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মনিকা পারভীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সে প্রচেষ্টার স্বীকৃতি পেয়েছি, যা সত্যিই আনন্দের। তবে আজকের এই অর্জন আমি পুরো ময়মনসিংহ সদরবাসীর বলে মনে করি।”
তিনি আরও বলেন, “সদর উপজেলার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম চলমান রয়েছে। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা, প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলার আয়োজন করা হচ্ছে। আমার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

আরিফ রব্বানী, ময়মনসিংহ।।