প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬ । ৬:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহে পূর্ববিরোধের জেরে হামলায় যুবক নিহত, ৪ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্ববিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় রানা মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন বিকেল সাড়ে ৪টার দিকে চর ঈশ্বরদিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রানা মিয়া তার ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন:-

১. মাহমুদুল ইসলাম মাহিন (২০), পিতা: মফিদুল ইসলাম মাস্টার।

২. তোফাজ্জল হোসেন (৪০), পিতা: মৃত আলী হোসেন।

৩. মো. হুমায়ুন কবীর আকাশ (২৩), পিতা: তোফাজ্জল হোসেন।

৪. মনিরুল ইসলাম (২৪), পিতা: চাঁন মিয়া।

তাদের সকলের বাড়ি চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন