প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ৪:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর ও চরআলগী গ্রামের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈদের দিন শুরু হওয়া তর্কবিতর্কের জেরে ঈদের তৃতীয় দিনে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি বিয়ে বাড়ির আয়োজন পণ্ড হয়ে যায়। পাশাপাশি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে পুড়ে গেছে শতাধিক খড়ের গাদা।

সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা মো. শিপন মিয়া (১৮) মারা গেছেন। তিনি মরিচারচর গ্রামের রমজান আলীর ছেলে। স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি পরে দুই গ্রামের মানুষের মধ্যে বিরোধে রূপ নেয়। ঈদের তৃতীয় দিনে সেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একটি বিয়ে বাড়ির আয়োজন ভেস্তে যায়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একই সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয় শতাধিক খড়ের গাদায়, ফলে বহু পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

শিপন মিয়ার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন