প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২৬ । ৩:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মামলা তুলে নিতে বিধবা মাকে হুমকির অভিযোগ, দ্রুত বিচার চায় নিঃস্ব পরিবার

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন প্রতিনিধি।।

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে জেলে সাইদুর রহমান (২৮) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কায় রয়েছে নিহতের পরিবার। মামলার এক আসামি গ্রেপ্তার হলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। উল্টো মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের মা ও মামলার বাদী মোছা. সামছুন্নেহার।

গত ২৭ মে রাত আড়াইটার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের সাইদুর রহমান তার দুই ভাই আনিসুর রহমান ও আতাবুর রহমানকে নিয়ে মুশুরিয়া গ্রামের ডেওয়ারখালির হাওরে মাছ ধরতে যান। মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় বকুল মিয়া গোষ্ঠীর সঙ্গে তাদের পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই সময় মো. নওয়াব আলী (৫২), রাজন মিয়া (৩৭), সিয়াম মিয়া (১৯), বকুল মিয়ার ছেলে শাহিন মিয়াসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই ভাইকে মারধর করার পর সাইদুর রহমানের হাত-পা বেঁধে পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে। এতে তিনি পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ২৮ মে নিহতের মা মোছা. সামছুন্নেহার বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২১।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, “ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে প্রধান আসামি নওয়াব আলীকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তবে বাদী সামছুন্নেহার অভিযোগ করেন, আসামিপক্ষের লোকজন নিয়মিত মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে।

সরেজমিনে ধলাই গ্রামে গিয়ে দেখা যায়, নিহত সাইদুরের পরিবার একেবারেই নিঃস্ব। দুই ভাইকে নিয়ে মাছ ধরে সংসার চালাতেন তিনি। তার মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।

নিহতের স্ত্রী উর্মি আক্তার এক বছরের শিশু সন্তান আবির হাসানকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী প্রতিদিন মাছ ধরে বাড়ি ফিরত। সেদিন আর ফিরল না। আমি খুনিদের ফাঁসি চাই। আমার ছেলেটার দিকে তাকিয়ে হলেও যেন দ্রুত বিচার হয়।”

নিহতের মা সামছুন্নেহার, শাশুড়ি আঙ্গুরা বেগম, ছোট দুই ভাই ও এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারটি প্রশাসনের কাছে নিরাপত্তাও চেয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন