প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ । ১০:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি, ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা।

শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন এই দাম রোববার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

একইভাবে কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, ফলে লিটারে ১৮ টাকা বেশি গুণতে হবে ভোক্তাদের। অন্যদিকে অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, যা লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি।

এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে, যেখানে লিটারে ১৯ টাকা বেশি দিতে হবে।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন