ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন ৪ নম্বর পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার মোড়ে সরকারি জমি দখল করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান কবির মাস্টারের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি জমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে চড়া দামে বিক্রি করছেন এবং রাতের আঁধারে পুকুর ভরাটের কাজও চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত মোট প্রায় ৮৬ শতাংশ সরকারি জমি রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেছিলেন সোলাইমান কবির মাস্টার। আদালত ওই ৩০ শতাংশ জমির পক্ষে রায় দিলেও অভিযোগ রয়েছে, রায়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে পুরো ৮৬ শতাংশ জমিই নিজের দখলে নিয়ে নিয়েছেন।
বর্তমানে বাজারসংলগ্ন এই অতি মূল্যবান জমি প্রতি শতাংশ প্রায় ২২ লাখ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে কয়েক কোটি টাকার অবৈধ বাণিজ্য চলছে বলে দাবি এলাকাবাসীর।

দখলকৃত জমির একাংশে একটি পুকুর রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আদালতের দেয়া ১৪৪ ধারা অমান্য করে পুকুরটি রাতের আঁধারে বালু দিয়ে ভরাট করা হচ্ছে।
এদিকে সোলাইমান কবিরের চাচাতো ভাই রফিকুল ইসলাম ওই জমির মধ্যে ৭ দশমিক ৫ শতাংশ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত বিবাদমান জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে এবং পুকুর ভরাট বন্ধ রাখতে ১৪৪ ধারা জারি করেন।
তবে অভিযোগ রয়েছে, আদালতের এই আদেশকে তোয়াক্কা না করে সাবেক চেয়ারম্যান ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণকাজ ও পুকুর ভরাটের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।
ফোনে তিনি বলেন, “আমি বিষয়টি জানি। সোলাইমান কবিরের সঙ্গে আমার কথা হয়েছে। সরকারি জায়গা ভরাট করলে সমস্যা নেই, ভরাট শেষ হলে পরে দেখা যাবে।”
ভূমি কর্মকর্তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দায়িত্বশীল কর্মকর্তার এমন মন্তব্য মূলত অবৈধ দখল ও ভরাটকে পরোক্ষভাবে উৎসাহিত করছে।
স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থের বিনিময়ে স্থানীয় ভূমি অফিস ও সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তিকে ‘ম্যানেজ’ করেই এই দখল প্রক্রিয়া চালানো হচ্ছে।
তাদের দাবি, প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় দিন দিন সরকারি জমি দখলের মাত্রা বাড়ছে।
এলাকাবাসীর দাবি, সোলাইমান কবির মাস্টার দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন টাকার জোরেই তিনি সরকারি সম্পদ ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করছেন।
পরানগঞ্জ বাজারের এই মূল্যবান সরকারি জমি রক্ষায় জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বাজারের গুরুত্বপূর্ণ এই সরকারি সম্পত্তি চিরতরে হাতছাড়া হয়ে যেতে পারে।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।