ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় তিন বছর বয়সী শিশু লাবিবের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানার বাড়ি থেকে পিতা নিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির মরদেহ উদ্ধার হওয়ায় ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় একটি শিশুর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সেখানে তিন বছর বয়সী শিশু লাবিবের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাবিব স্থানীয় বাসিন্দা লামিয়া আক্তারের ছেলে। তার পিতা সোহাগ (পিতা-মৃত হারিজ ডাকাত), রায়েরগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, সোহাগ দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একাধিক বিয়ে করেছেন এবং নিহত শিশুর মা লামিয়া তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে লামিয়া তার সন্তান লাবিবকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
নিহতের নানা মো. মোজাম্মেল হক (ওজা মিয়া) জানান, ১ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটির পিতা সোহাগ লাবিবকে তার নানার বাড়ি থেকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে সঙ্গে করে নিয়ে যায়।
এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামের এক ব্যক্তির বাড়ির পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।