প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৯:৪৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ২০ ১৪৩২

ময়মনসিংহে এসআই পরিচয়ে চাকরির প্রলোভন: ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।

ময়মনসিংহ নগরীতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী অর্নিয়া দেবনাথ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মার্চ ২০২৬ তারিখে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের জিলাপি পট্টি এলাকায় অর্নিয়া দেবনাথের বাবা নিরঞ্জন দেবনাথের সঙ্গে অভিযুক্ত অনিক (৩২) নামে এক ব্যক্তির পরিচয় হয়। ওই ব্যক্তি নিজেকে পুলিশের এসআই হিসেবে পরিচয় দিয়ে পুলিশ লাইন্স ক্যান্টিনে বাবুর্চির চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ সময় নিরঞ্জন দেবনাথের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা গ্রহণ করেন তিনি।

পরবর্তীতে গত ২৮ মার্চ অভিযুক্ত ব্যক্তি অর্নিয়া দেবনাথকে ফোন করে জানান যে চাকরিটি নিশ্চিত হয়েছে। এরপর কৌশলে বিকাশ নম্বরে আরও ৫ হাজার টাকা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এভাবে মোট ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থানায় অভিযোগ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন।

অভিযোগে অর্নিয়া দেবনাথ উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত ভয়ংকর প্রকৃতির। ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে তারা আশঙ্কা করছেন। এ ঘটনায় তাদের কাছে প্রত্যক্ষ সাক্ষীও রয়েছে বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সতর্কতা: আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে যথাযথ যাচাই-বাছাই ছাড়া অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন