ময়মনসিংহের খাগডহর ঘুন্টি এলাকায় একটি অবৈধ মিষ্টি ও ছানা তৈরির কারখানাকে ঘিরে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার ওলুর দোকানের পেছনে গড়ে ওঠা এই কারখানাটি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কারখানাটি।
এলাকাবাসীর দাবি, ‘শ্যামল’ নামের এক ব্যক্তি কারখানাটির দেখভাল ও পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত। তবে তিনি কার প্রভাবে বা কীভাবে এ কার্যক্রম চালাচ্ছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা বাড়ছে।
আরও অভিযোগ রয়েছে, কারখানার মালিক প্রায়ই নিজেকে বিভিন্ন সাংবাদিক ও প্রভাবশালী ব্যক্তির আত্মীয় পরিচয় দিয়ে থাকেন। স্থানীয়দের ভাষ্য, তিনি প্রায়ই বলেন, “অমুক সাংবাদিক আমার আত্মীয়, আপনারা কী করবেন?” এ ধরনের বক্তব্য দিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
সরেজমিনে দেখা যায়, কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। অপরিষ্কার পানিতে দুধ প্রক্রিয়াজাত করা, খোলা জায়গায় দুধ ও ছানা সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি উৎপাদনস্থলে নেই কোনো স্বাস্থ্যসম্মত সরঞ্জাম বা নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা। প্রতিদিন এসব খাদ্যপণ্য স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পরিবেশে তৈরি খাদ্যপণ্য ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য তা আরও বিপজ্জনক হতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সচেতন মহলের দাবি, জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত অভিযান চালিয়ে অবৈধ এই কারখানা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্যের মাধ্যমে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক।।