প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৯:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২

ময়মনসিংহ সদরে ‘আওয়ামী তকমা’ দিয়ে ফসলি জমি দখলের চেষ্টার অভিযোগ!

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নে রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে ২৬ শতক ফসলি জমি দখলের পাঁয়তারা চালানো হচ্ছে এমন অভিযোগ উঠেছে একই ইউনিয়নের নাজমুল গংদের বিরুদ্ধে।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়া মৌজার ৭৩১ খতিয়ানের সাবেক ২২৫ দাগভুক্ত ২৬ শতক জমিটি দীর্ঘদিন ধরে দখলে রাখার দাবি করলেও নাজমুল গংরা এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। এ বিষয়ে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতেও অনীহা প্রকাশ করেন।

ভুক্তভোগী মো: বাবুল হোসেন জানান, তিনি আরএস ও আরওআর সূত্রে জোসনা আক্তারের কাছ থেকে চার লাখ টাকার বিনিময়ে জমিটি ক্রয় করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির দখল বুঝে নেন। তবে বিআরএস সংক্রান্ত জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রি সম্পন্ন করা সম্ভব না হওয়ায় ৩০০ টাকার স্ট্যাম্পে জমি ক্রয়ের লিখিত চুক্তি সম্পাদন করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল তাকে ও তার পরিবারের সদস্যদের ‘আওয়ামী তকমা’ দিয়ে রাজনৈতিক মামলায় জড়ানোর হুমকি দিয়ে জমিটি দখলের চেষ্টা করছে।

এ বিষয়ে স্থানীয় শফিকুল ইসলাম, লিটন হোসেনসহ একাধিক ব্যক্তি ভিডিও সাক্ষাৎকারে জানান, তাদের উপস্থিতিতেই আলোচনার মাধ্যমে জোসনা আক্তারের কাছ থেকে বাবুল মিয়া জমিটি ক্রয় করেন এবং ভবিষ্যতে রেজিস্ট্রি সম্পন্ন করার শর্তে লিখিত চুক্তি করা হয়। তাদের দাবি, রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একটি পক্ষ এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

অন্যদিকে জমির বিক্রেতা জোসনা আক্তার বলেন, “আমি কুষ্টিয়া মৌজার ৭৩১ খতিয়ানের ২২৫ দাগের ২৬ শতক ফসলি জমি বাবুল মিয়ার কাছে চার লাখ টাকায় বিক্রি করেছি এবং দখল বুঝিয়ে দিয়েছি। যেকোনো সময় রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল সম্পাদনে আমার কোনো আপত্তি নেই।”

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে চাইলে তারা সঠিক কোনো কাগজ পত্র উপস্থাপন করতে পারে নাই। এমনকি ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি নাজমুল গংরা।

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত প্রশাসনিক ও আইনগতভাবে নিষ্পত্তি না হলে এলাকায় সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন