প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৩:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ ১৪৩২

কলেজ গেটের সামনে কুড়ালসহ আটক ব্যক্তি, পেছনে আরো ১০ মামলা!

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র বহনের ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ব্যস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশমুখে অভিযান চালিয়ে পুলিশ একটি স্টিলের তৈরি দেশীয় (চাইনিজ ড্রাগন) কুড়াল উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার ৩ নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল রানা। অভিযানে মোঃ সজল ওরফে পটলা নামের এক ব্যক্তির হেফাজত থেকে একটি স্টিলের তৈরি দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, আটক ব্যক্তি কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই প্রকাশ্যে দেশীয় অস্ত্র বহন করছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের নথি পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে অতীতে মাদকসহ বিভিন্ন ধারায় মোট ১০ (দশ)টি মামলা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব মামলার বেশিরভাগই মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নসংক্রান্ত।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, কলেজ গেটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে অপরাধমূলক তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছিল। প্রকাশ্যে দেশীয় অস্ত্র উদ্ধারের এ ঘটনা সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানাধীন ৩নং ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তারা উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল রানা জানান, ‘উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার পূর্ববর্তী মামলাগুলোর অগ্রগতি ও সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।’

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন