প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ময়মনসিংহে আলোর পথের বর্ণাঢ্য র‍্যালি

শেখ মোঃ দীন ইসলাম।।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে ‘আলোর পথ হিজড়া সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সালমা শেখ, হিজড়া সম্প্রদায়ের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সচেতন নাগরিকরা। অংশগ্রহণকারীরা মানবাধিকার নিশ্চিতকরণ, বৈষম্যহীন সমাজ নির্মাণ এবং হিজড়া সম্প্রদায়ের সামাজিক স্বীকৃতি ও সুরক্ষা দাবি করে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

প্রতিষ্ঠাতা সভাপতি সালমা শেখ বলেন, “মানবাধিকার কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়—মানবাধিকার সবার। আমরা চাই একজন হিজড়াও যেন সমাজে সমান মর্যাদা নিয়ে বাঁচতে পারে।” তার মানবিক উদ্যোগ ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকায় উপস্থিতরা প্রশংসা জানান।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের আন্তরিক ভূমিকা অপরিহার্য। তারা মনে করেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী—বিশেষ করে হিজড়া সম্প্রদায়ের অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।

“মানবাধিকার সবার জন্য”—এই স্লোগানকে সামনে রেখে গর্বিত ময়মনসিংহে মানবিক সমাজ গঠনে আলোর পথ হিজড়া সমাজকল্যাণ সংস্থার কার্যক্রমকে অগ্রণী ভূমিকা হিসেবে বিবেচনা করছেন সচেতন মহল।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন