ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)।
ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যেই সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”
গত বৃহস্পতিবার ভোর রাতে নগরীর ঢোলাদিয়া এলাকায় ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।