প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ১০:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ২০ ১৪৩২

ময়মনসিংহে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণকাজে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন ও বুলু মিয়ার নেতৃত্বে একটি দল ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর ব্রহ্মপুত্র নদের বাঁধ এলাকা এবং ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে অভিযান চালায়।

দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, “মরিচারচর এলাকায় ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষার কাজে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নথিপত্র পর্যালোচনা শেষে আমরা বাঁধের এলাকা পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন আকারে পাঠানো হবে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, “এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল আমার পূর্বসূরি নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের সময়ে। আমি দুই মাস আগে দায়িত্ব নিয়েছি এবং কাজটি নিজে পরিদর্শন করেছি। আমার কাছে কোনো অনিয়ম চোখে পড়েনি। তবে দুদক যেহেতু তদন্ত করছে, আমি সব ধরনের কাগজপত্র দিয়ে সহযোগিতা করছি।”

স্থানীয়দের অভিযোগ, নদীভাঙন রোধে নেওয়া কোটি টাকার এই প্রকল্পের কাজ নিম্নমানের। বাঁধের মাটির স্তর দুর্বল এবং কোথাও কোথাও আগের ভাঙন অংশে পুনর্নির্মাণ হয়নি। কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।

দুদকের দল নথি যাচাই ও স্থান পরিদর্শনের পর তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠাবে বলে জানা গেছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন