প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৩:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ইটনায় সরকারি সার পাচারের চেষ্টা, নৌপুলিশের অভিযানে ১০৮ বস্তা উদ্ধার

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল।।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অবৈধভাবে পাচারের সময় ১০৮ বস্তা সরকারি সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌপুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত ৩০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়ন বাজারসংলগ্ন নৌকাঘাটে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌপথে অবৈধভাবে সরকারি সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০৮ বস্তা সারবোঝাই নৌকাটি জব্দ করে পুলিশ।

ইটনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করে এলংজুরী বাজারে খালাসের প্রস্তুতি চলছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন