প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ৩:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মিঠামইনে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় নানা গুঞ্জন

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল।।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে সালাউদ্দিন ওরফে শাওন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। কেউ তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলছেন, আবার কেউ বলছেন, বিষপানে আত্মহত্যা করেছেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে উপজেলার কাটখাল ইউনিয়নের ছত্রিশ গ্রামের বড় হাটির বাসিন্দা একরাম হোসেনের ছেলে সালাউদ্দিন ওরফে শাওনের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাওনের মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। অন্য একটি পক্ষের ভাষ্য, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এসব বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এদিকে শাওনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। তাঁদের দাবি, নেশার কারণে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছিল। তবে পরিবারের এই বক্তব্যের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শাওনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন