ময়মনসিংহ নগরের স্টেশন রোডে অবস্থিত খাজা গেস্ট হাউসে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মুসলিম উদ্দিন তুষার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) কোতোয়ালী মডেল থানার আওতাধীন ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মহিউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, স্টেশন রোডের খাজা গেস্ট হাউসে গিয়ে মালিকপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন তুষার। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ছাড়া স্টেশন রোড ও আশপাশের বিভিন্ন গেস্ট হাউস এবং আবাসিক হোটেলের ব্যবসায়ীদের কাছেও চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ পুলিশকে অবহিত করলে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুসলিম উদ্দিন তুষার নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পুরোহিতপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
১নং পুলিশ ফাঁড়ির আইসি মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তুষারের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।