প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ৪:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারীকে পুলিশের হাতে তুলে দিলেন ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নার্গিস আক্তার (৩৬) নামে এক নারীর বিরুদ্ধে। দেড় মাস ধরে ‘আজ হবে, কাল হবে’ বলে ঘোরানোর পর আরও ৪ হাজার টাকা দাবি করায় ভুক্তভোগীদের সন্দেহ হয়। পরে বাকি টাকা দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নার্গিস আক্তার মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী। আটকের পর তাকে রায়ের বাজার তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগীরা হলেন, নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের হোসনে আরা বেগম (৩২), রাবেয়া খাতুন (৫০), জোসনা খাতুন (৩০), আছিয়া খাতুন (৫৬), তন্নী আক্তার লিমা (৩৫) ও কনক মিয়া (৩৬)।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস তাদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেন। এ জন্য রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার টাকা এবং অন্য পাঁচজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করে নেন তিনি। এভাবে মোট ৯৮ হাজার টাকা নেওয়ার পর প্রায় দেড় মাস ধরে তাদের বিভিন্নভাবে সময় দিতে থাকেন।

ভুক্তভোগী রাবেয়া খাতুন বলেন, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানের মাধ্যমে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলা হয়েছিল। পরে নার্গিস আরও ৪ হাজার টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়।

এরপর বাকি টাকা দেওয়ার কথা বলে নার্গিসকে আঠারবাড়ীতে ডেকে আনা হয়। সেখানে ভুক্তভোগীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, গত সোমবার তিনি বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগীদের মাধ্যমে বাকি ৪ হাজার টাকা নেওয়ার কথা বলে নার্গিসকে আঠারবাড়ীতে ডেকে আনা হয়। এরপর তাকে পুলিশের কাছে দেওয়া হয়। তার দাবি, তাদের নাম ব্যবহার করে নার্গিস প্রতারণা করছিলেন।

এ বিষয়ে ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন