ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক দলের কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি মরহুম আবুল হাসিমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মরহুমের শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম আবুল হাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
বক্তারা বলেন, মরহুম আবুল হাসিম আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে এবং শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় শ্রমিক দলের গৌরীপুর উপজেলা শাখার সভাপতি শহিদুল্লাহসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গৌরিপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।।