প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৫:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

মিঠামইনে দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুর গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদকে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ও বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে গত ১৯ আগস্ট এ সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যালয়ের যাবতীয় দায়িত্ব ও সংশ্লিষ্ট কাগজপত্র সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়মিত উপস্থিতি নিয়ে নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতির ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন