প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ৭:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

‎নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহী। নজরুল বর্ষকে সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে। দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিতেও নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রী দৃশ্যমান কর্মকাণ্ড চান। দেশের স্কুলগুলোতে নজরুল সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। নজরুলের মতো উদার ও মধ্যপন্থী মানুষ খুব বেশি নেই। নজরুলের চিন্তা, দর্শন ও কর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

‎ডা. জাহেদ উর রহমান আরও বলেন, দেশের সাংস্কৃতিক খাতকে এগিয়ে নিতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। প্রতিভাবান ও সম্ভাবনাময় শিশু-কিশোরদের রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার মাধ্যমে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের সব নাগরিককে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

‎সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চল সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চল যেন প্রত্যাশিত ভালো ফলাফল অর্জন করতে পারে, সে লক্ষ্যেই সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

‎এ ছাড়া ময়মনসিংহের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

‎পরে উপদেষ্টা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে বিভাগের চার জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তাসহ আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন