প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ৮:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

ফল প্রকাশের পর নিখোঁজ, দুই দিন পর অগভীর পুকুরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর বদরুন্নাহার সীমা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির অদূরের একটি পুকুরে মাত্র ২ থেকে ৩ ফুট পানিতে মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার কাকনী ইউনিয়নের পুঙ্গায়াই পশ্চিমপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বদরুন্নাহার সীমা ওই গ্রামের বদরুজ্জামান বকুল ও বেবি আক্তারের মেয়ে। সে পুঙ্গায়াই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছিল সীমা।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় সীমাকে বকাঝকা করেন তার মা। ওই দিন দুপুর ১২টার পর বাড়ি থেকে বের হয়ে যায় সে। তখন তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিল সীমা।

পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০ হাত দূরের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুকুরটিতে পানির গভীরতা ছিল আনুমানিক ২ থেকে ৩ ফুট। এমন অগভীর পানিতে সীমার মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের বাবা বদরুজ্জামান বকুল বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খুঁজেছেন তারা। পরীক্ষায় খারাপ করায় মন খারাপ করে হয়তো কারও বাড়িতে চলে গেছে এমনটাই ভেবেছিলেন। কিন্তু এভাবে মেয়ের মরদেহ দেখতে হবে, তা কল্পনাও করেননি। কীভাবে তার মৃত্যু হয়েছে, কিছুই বুঝতে পারছেন না তিনি।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলাল উদ্দিন বলেন, নিহতের বাড়ি থেকে প্রায় ৫০ হাত দূরের একটি পুকুরে ২ থেকে ৩ ফুট পানির মধ্যে মরদেহটি পাওয়া গেছে। পুকুরের পানির গভীরতা বিবেচনায় মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, তরুণীর মরদেহ যে অবস্থায় পাওয়া গেছে, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে বলে আশা করেন তিনি।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন