প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৩:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

১৩ বছর পর দলিল লিখক মিন্টু হত্যা মামলার রায়: দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহের বহুল আলোচিত দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। এছাড়া মামলার আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার ১৩ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকরাম হোসেন বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, আলামত ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেছেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন