কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকে কেন্দ্র করে দৈনিক সকাল বেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক ওমর ফারুককে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং স্থানীয় জেলে সাইদুল হত্যা মামলার বিভিন্ন দিক নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তিনি ‘মাদক, চোর-ডাকাত ও সন্ত্রাস প্রতিরোধে চেয়ারম্যান প্রার্থীদের করণীয় কী?’ শিরোনামে নিজের ফেসবুক আইডি থেকে একটি লাইভ ভিডিও প্রচার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় ধলাই-বগাদিয়া বাজারে গেলে আজাহার ও আইয়ুব রেজা চৌধুরীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ওমর ফারুক বলেন, “পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার না করলে আমি হয়তো বেঁচে ফিরতে পারতাম না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।