প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ । ১:৩৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) কাজ করার সময় ভবনের অষ্টম তলার মাচাং ভেঙে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকার ১০ তলা নির্মাণাধীন এনায়েত চৌধুরী ভবনে নির্মাণকাজ চলাকালে অষ্টম তলায় কর্মরত দুই শ্রমিক হঠাৎ মাচাং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে সেফটি বেল্ট পাওয়া গেলেও শ্রমিকরা তা ব্যবহার করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করায় হতাহতের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং নির্মাণকাজে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের স্বজনদের খোঁজে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন