প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২৬ । ৩:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিঠামইনে নদীতে দুই ভাইয়ের ওপর হামলা, বল্লমের আঘাতে নিহত ১

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই আনিসুর রহমান (২৭)।

নিহত সাইদুর রহমান উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার (২৭ মে) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের দুই ভাই সাইদুর ও আনিসুর বাড়ির পাশের ঘোড়াউত্রা নদীতে রিং জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় মুখোশধারী অজ্ঞাতনামা চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দুই ভাইকে মারধর করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে সাইদুরকে বাঁধা অবস্থায় পানিতে ফেলে বল্লম দিয়ে আঘাত করা হয়। এতে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত আনিসুর রহমান বর্তমানে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের প্রাথমিক ভাষ্যমতে নিহতের ফুসফুসের উপরের অংশে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন