প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহে তেল কেলেঙ্কারি: সোয়াদ ফিলিং স্টেশনের মালিক বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাম্পটির মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে পেট্রোল গায়েব হওয়ার ঘটনায় সোয়াদ ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে অভিযান চালায়। অভিযানে ডিপো থেকে আনা জ্বালানি তেলের হিসাবের সঙ্গে পাম্পে থাকা তেলের পরিমাণে বড় ধরনের গরমিল ধরা পড়ে। প্রায় ৫০ হাজার লিটার পেট্রোলের ঘাটতি পাওয়া গেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে একই রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করে।

বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দলের অবস্থান বা পরিচয় যাই হোক না কেন, অনৈতিক কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন