প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ ১৪৩২

ময়মনসিংহে লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ: কলেজ প্রভাষকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের এক প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে ব্যস্ত সড়ক।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ–ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া এলাকার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা ও ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে শিপা আক্তার (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দাপুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রভাষক সারোয়ার কাইয়ুম নিহত হন। এতে অটোরিকশার অন্য যাত্রীরাও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, “আহতদের হাসপাতালে আনার পর শিপা আক্তার নামে এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান বলেন, “অটোরিকশা ও লরির সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন