প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ মার্চ ২০২৬, ১৮ ১৪৩২

পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, খামারির ৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক মৎস্য খামারির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের বাসিন্দা মো. রফিকুল ইসলাম রাসেল দীর্ঘদিন ধরে প্রায় ২৫ শতাংশ জমির একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী জানান, ২৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরে খাবার দিতে গিয়ে তিনি দেখতে পান অসংখ্য মাছ পানিতে ভেসে উঠেছে। অধিকাংশ মাছই মৃত অবস্থায় ছিল। এতে তার কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই নষ্ট হয়ে যায়। তিনি দাবি করেন, এতে অন্তত ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এটি পরিকল্পিত নাশকতা। তার সফল মাছ চাষে ঈর্ষান্বিত একটি মহল এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন