প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৩:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ ১৪৩২

ময়মনসিংহে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের তিন নেতা-কর্মী গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার উথুরা ও হাটুরিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে, একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা অ্যামুনিশন, একটি পিস্তল সদৃশ লাইটার এবং ২০টি দেশীয় অস্ত্র।

গ্রেফতাররা হলেন- গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫), তার ভাই মো. সাব্বির (২৩) এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন (৩৬)। কামরুল ও সাব্বির দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উথুরী গ্রামের একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ভোরে কামরুল ইসলাম ও তার ভাই সাব্বিরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয় এবং দুই ভাইকে গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতারি পরোয়াভুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকেও আটক করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুললাহ্ আল মামুন বলেন, “গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন