আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে বর্তমানে সম্পূর্ণভাবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি জানান, প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে নির্বাচনি প্রচারণা শুরু হবে। ইতোমধ্যেই সারাদেশে নির্বাচনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
আজ দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন মহলের মন্তব্যের প্রসঙ্গে মোহাম্মদ শফিকুল আলম বলেন, ছোট কিংবা বড়, সব রাজনৈতিক দলের জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়াদের মাধ্যমেই এ দেশে ইসলামের শান্তিপূর্ণ প্রচার ও প্রসার ঘটেছে। সম্প্রতি বিভিন্ন অজুহাতে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে তিনি নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার পরিদর্শন করেন। পরে গত বছরের জানুয়ারি মাসে হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজারে বাৎসরিক ওরস শরীফ ও সামা কাওয়ালি চলাকালে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাজার পরিদর্শন করেন।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।