ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কিশোর আশিক (১৪) হত্যাকাণ্ডের একমাত্র আসামি মো. শাহিন মিয়াকে (২৩) গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ৮টা থেকে ২ নভেম্বর সকাল সাড়ে ৭টার মধ্যে কোতোয়ালী মডেল থানার ভাটি ঘাগড়া ভাটিপাড়া এলাকায় শাহানারা হক @ নারগিসের বাউন্ডারী দেওয়া জমির ছোট একটি পুকুরে স্থানীয়রা কিশোর আশিকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশিকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশের কপাল, চোখের ওপরে, মাথার তালু ও কানের পাশে মোট পাঁচটি ছিদ্রযুক্ত আঘাতের চিহ্ন দেখতে পায় তদন্তকারী কর্মকর্তা। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর নিহতের বাবা সেলিম (৪০) বাদী হয়ে মো. শাহিন মিয়াকে একমাত্র আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মাকসুমুল হাসান খালিদের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে আজ (১৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ঘাগড়া ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে শাহিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারা অনুসারে শাহিন মিয়া পূর্ব শত্রুতার জেরে আশিককে নির্মমভাবে হত্যার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানা জানায়, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।