প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ৯:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ ১৪৩২

কোটালীপাড়ায় বোমা হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

রিকি শেখ গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে ও থানায় সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠন।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কোটালীপাড়া পৌর মার্কেট থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার মৃত্যুদন্ড রায় ঘোষণার পর সোমবার রাতে কোটালীপাড়া থানায় ১ টি ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস প্রাঙ্গনে ২ টি ককটেল বিষ্ফোরণে ঘটে। এতে থানায় কর্তব্যরত থাকা অবস্থায় কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২) আহত হয়। আজ সোমবার সকালে গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ইতোমধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত কাজ শুরু করেছে।

এদিকে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও কোটালীপাড়া থানা পুলিশ সদস্যেদের সাথে দেখা করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাওসার আহমেদ।

এ সময় খেলাফত মজলিশের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাব্বির বিন সুলতান, পৌর শাখার সভাপতি মাওলানা আনসার আলী, জেলা যুবমজলিসের প্রশিক্ষণ বিষয়ক বিষয়ক সম্পাদক কাজী মহিবুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন