প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ৪:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২১ ১৪৩২

ময়মনসিংহে জমিজমা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন: ডিবি পুলিশের অভিযানে মূল আসামি দম্পতি গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জের ঘাগড়া ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মারা যান ওই যুবক। ঘটনার পর পলাতক থাকা মূল আসামি দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে ঘাগড়া এলাকার নিজ বাড়ির উঠানে জমিজমা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বড় ভাই মাজহারুল ইসলাম সুমন (৩৮) ও তার স্ত্রী জান্নাত আক্তার জলি (৩২) ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নু (৩২)-এর ওপর হামলা চালান। লোহার রড ও লাঠির আঘাতে চুন্নু গুরুতর আহত হন। এ সময় তাদের আরেক ভাই রনি-ও আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে রাজধানী ক্লিনিকে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর সকালে চুন্নু মারা যান। এরপর নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন ও তার স্ত্রী পলাতক ছিলেন। এতে এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, “ঘাগড়া এলাকায় একের পর এক অপরাধ হলেও পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকায় মানুষ আস্থাহীন হয়ে পড়েছে। হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে গেলেও দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ ছিল না।”

এই প্রেক্ষাপটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তৎপরতা শুরু করে। কিশোরগঞ্জ জেলা ডিবি উত্তর ইউনিটের ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই জাহাঙ্গীর আলমের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সম্প্রতি অভিযুক্ত সুমন ও জান্নাত আক্তার জলিকে গ্রেপ্তার করে।

নিহত চুন্নুর স্ত্রী বলেন, “এটা কোনো দুর্ঘটনা নয়, দিনের আলোয় পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি ন্যায়বিচার ছাড়া শান্তি পাব না।”

এদিকে আসামি গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের মতে, “যে-ই অপরাধী হোক, আইনের আওতায় আসতেই হবে। ডিবি সেটাই প্রমাণ করেছে।”

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন