আগামী ৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদেরকে নানা রকম সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ তারিখ রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে।
তিনি বলেন, ‘এই সরকার নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেটা কতদিনের সেটা আমরা জানাবো।’জামায়াত সরকারকে দুইটি রোডম্যাপ দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন। এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত।
বিকেল ৩টা ২৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। ঘণ্টাখানেকের মতো তারা সেখানে ছিলেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপি নেতারা।

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।